ওয়াইন্ডস্ক্রিন
||রুশাইদ আহমেদ||
ওয়াইন্ডস্ক্রিনে ঝাপসা হাওয়ার ঝাপটা।
স্যাঁতস্যাঁতে ঘ্রাণ চতুর্দিকে।
নৈমিত্তিক যানজট আর দূষণের শহুরে ঝঞ্ঝাট থেমে গেছে তোমার কমলা দেহের গোধূলিতে!
প্রহর আসে, প্রহর যায়।
হৃদয়ের জমিনে বেড়ে ওঠে স্বপ্ন আর স্পর্শের শেকড়!
তুমি আমাকে একটুখানি রং দাও
ল্যাভেন্ডার কালারের তোমার ওই শাড়ির মতন।
অপলক চেয়ে থাকো আমার নিশ্চুপ ঠোঁটের দিকে।
বলো তো, আমি তোমায় কোন কথা বলছি না?
অন্তর্যামী হওয়া তোমার পক্ষে সম্ভব নয়।
বক্ষে তোমার সুস্থ হৃৎপিণ্ডের অসুস্থ দুলুনি!
তবু, চাইলে তুমি একবার আমার আঙুল ছুঁয়ে দেখতে পারো।
আমি কথা দিচ্ছি, তোমাকে আমি কোনো শারদীয় বিকেলের গল্প মনে করাব না!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন