উনো রিভার্স আর বুঁদ হওয়া ঘুমের কাব্য
ভূপৃষ্ঠের অন্দরে মৃদু কাঁপুনি।
দুলে উঠছে ধুন্ধুমার স্মৃতির দেয়ালেরা।
সময় সব হয়ে যাচ্ছে দীর্ঘ কবিতা।
রূপকের বেড়াজালে আবদ্ধ আদিম আমি
করিডোর থেকে না ঢুকতে পারছি কক্ষে;
আর না পাচ্ছি অ্যাপার্টমেন্ট ছেড়ে পালানোর পথ!
প্রশ্ন রাখা আমি ছেড়ে দিয়েছি সেই কবেই।
সকল প্রশ্নই তো উনো খেলার রিভার্স দানের মতো আমার দিকেই ফিরে আসে।
তবু বিপন্ন মায়াজালের মোহে বুঁদ হয়ে আছে ঘুম।
আমি এখন রাত্রির চেয়েও নিশ্চুপ।
মধ্যরাতে পৃথিবীর অন্যতম সুন্দরী এক নিদ্রিতার বাসার সামনে দিয়ে
ওভারলোডেড ট্রাক সাই সাই করে ছুটে গেলে যেমন শব্দ হয়—অতটুকু শোরগোলও আমার মধ্যে নেই।
কোন বাহিনী কোথায়, কীভাবে আগ্রাসন চালালো।
মুদ্রাস্ফীতির হার কততে গিয়ে ঠেকলো।
লিওনেল কত গোল করলেন।
রাজনীতিতে কে ‘হিরো’, কে ‘ভিলেন’ বনলেন…
এসব আমার মগজে ঢোকে। হৃৎপিণ্ডে ঢোকে না।
অথচ পেটভরে খাওয়া, কারো ঠোঁট ছুঁতে চাওয়া
আর হাসতে হাসতে বেঁচেবর্তে থাকার নামই জীবন!
তাই আমারও জীবন আছে। আমিও জীবিত তোমাদেরই মাঝে!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন