কবিতার জের
আসন্ন সময়ের টালমাটাল স্রোত
কবে বিস্মৃতির ঋণ করে দেবে শোধ?
২
জীবন দুয়ারে শঙ্কার বাষ্পের হানা
ধীরে ধীরে হয়ে ওঠে প্রশ্বাসের ফেনা!
৩
পরাজয়ের আগে শত লালিত স্বপ্ন
কেন পায় না আমাদের অসীম যত্ন?
৪
দিগন্তবিস্তৃত হাজারো মেঘেদের পাল
গড়ে দেবে বিবেকের জলজ এক হাল!
৫
ঘুমের গহীনে খোয়াবের আচানক সমন
ঘুচে দেবে আত্মার সব অবনমন!
৬
বিপন্ন বিশ্বের এই যাপিত জমানায়
ভুল কায়া ভেসে ওঠে ভাঙা আয়নায়!
৭
শপথের ভিড়ে সহস্র মিথ্যার লাগাম
টেনে ধরার উপায় নেই কোনো আগাম!
৮
কবিরা কাঁদে না কখনো, শুধুই কাঁদায়?
বাগানবিলাস জন্মায় গোলকধাঁধায়!
৯
যে রাতে জরুরি ঘুম, সে রাতেই ফের
বারেবারে ফিরে আসে কবিতারই জের!
১০
কোনো কোনো দিন তো একটুখানি নিঁদ
উড়াতে পারে কবিতাদের জেঁকে বসা জিদ!
১১
‘ভালোবাসি’ স্লোগানে যখন দুনিয়া দোজখ,
তখন বলি, যত্নে রেখো তোমার দুচোখ!
১২
কী আর করার আছে তবু ফের --
কবিতা হতে এসে, হয়ে গেলে শের!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন